
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সটি জর্জিয়ার তিবিলিসি থেকে ঢাকায় পৌঁছাবে বলে নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত কাতার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান জানান, কাতার সরকার জরুরি ভিত্তিতে জার্মানির একটি বেসরকারি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠাচ্ছে। চিকিৎসক ও বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় করে এর আগমনসূচি চূড়ান্ত করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কাতারের আমিরের নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। তবে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে অ্যাম্বুলেন্সটি কবে রওনা দেবে, তা চিকিৎসক ও দলের নেতাদের আলোচনার পর নির্ধারিত হবে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রাসঙ্গীর সংখ্যা সীমিত রাখা হবে। বিএনপি যে ১৮ জনের তালিকা করেছে, সেখান থেকে অগ্রাধিকার অনুযায়ী কেবল কয়েকজন খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে যেতে পারবেন। অন্যরা বাণিজ্যিক ফ্লাইটে লন্ডনে যাবেন।
প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানাচ্ছেন বিএনপি নেতারা এবং চিকিৎসকরা।
এর আগে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর পরিকল্পনা ছিল। তবে কারিগরি রক্ষণাবেক্ষণের সমস্যায় পরিকল্পনা জটিল হয়ে পড়ায় দ্রুত বিকল্প হিসেবে জার্মানভিত্তিক এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে কাতার।
গত জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতার রাজপরিবারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়।